০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে সাংবাদিকের বাড়িতে হাতবোমা হামলা

ভুক্তভোগী পরিবারের দাবি- ইটভাটার অনিয়ম নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এই হামলা করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 12:56 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

মাদারীপুরে এক সাংবাদিকের বাড়িতে হাতবোমা হামলা ও বাড়িঘর লুটপাটের অভিযোগ উঠেছে। 

ভুক্তভোগী পরিবারের দাবি- ইটভাটার অনিয়ম নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এই হামলা করা হয়েছে। 

বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জে এলাকায় সাংবাদিক বেলাল খানের বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানান মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন। 

বেলাল খান দৈনিক ভোরের ডাক ও ইউএন‌বি বার্তা সংস্থার মাদারীপুর জেলা প্রতিনিধি। সম্প্রতি নিজের ফেসবুকে তিনি লক্ষ্মীগঞ্জ গ্রামের আলী কাজীর ছেলে রাকিব কাজীর একটি ইটভাটার অনিয়ম নিয়ে পোস্ট করেন। 

বেলাল খানের পরিবারের অভিযোগ, এরই জেরে বুধবার সকালে রাকিব ও তার দুইভাই রাজীব এবং রায়হান লোকজন নিয়ে বাড়িতে হামলা চালায়। এ সময় কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায় তারা। পরে ঘরের ভেতর প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রীও লুটপাট করে। 

বেলাল খানের স্ত্রী নুর নাহার টুলু বলেন, “পূর্ব শত্রুতার জেরে রাকিব কাজী লোকজন নিয়ে এই হামলা চালিয়েছে। চারদিক থেকে লোকজন এসে ককটেল মেরে আতঙ্ক ছড়ায়। লুটপাটও করে তারা। পরে চিৎকার-চেচামেচি করলে পালিয়ে যায় হামলাকারীরা।”

এ সময় ঘরের সামনে অক্ষত একটি হাতবোমা পড়ে থাকতেও দেখা যায়। 

তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন রাকিব কাজী।

তিনি বলেন, “আমার সাথে সাংবাদিকের পরিবারের কোনো বিরোধ নেই। কিন্তু বেলাল খান ও তার পরিবারের লোকজন আমাদের উপর ক’দিন আগে হামলা করেছে। এই হামলায় আমার ভাই হাসপাতালে ভর্তি। পরে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। 

“এইজন্য উল্টো এই ঘটনা ধামাচাপা দিতে নিজেরাই হাতবোমা ফুটিয়ে আমাদের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।”

ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, “কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”