১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে সেশনজট বন্ধে একাডেমিক ক্যালেন্ডার হবে: শিক্ষামন্ত্রী

কোনও শিক্ষার্থীর জীবন থেকে যেন অতিরিক্ত দুই বছর ঝরে না যায়, এ জন্য কাজ করার কথা বলেছেন এহছানুল হক মিলন।

বিশ্ববিদ্যালয়ে সেশনজট বন্ধে একাডেমিক ক্যালেন্ডার হবে: শিক্ষামন্ত্রী
গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 08:58 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

বিশ্ববিদ্যালয়ে সেশনজট বন্ধে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, “সেশনজট যেন বন্ধ হয়ে যায়, আমরা সেভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি চালু করব। আমাদের টার্গেট হল, একাডেমিক ক্যালেন্ডার হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। বিগত সময়ে শিক্ষায় যে অব্যবস্থা রয়েছে, সেগুলোর সমাধান করতে হবে।”

বুধবার বিকালে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

উচ্চশিক্ষায় উৎকর্ষতা অর্জনে সরকার অঙ্গীকারবদ্ধ জানিয়েছে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আইইউটি বাংলাদেশসহ ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

শিক্ষা মন্ত্রণালয় ও পলিসি মেকারদের কারণে কোনও শিক্ষার্থীর জীবন থেকে যেন অতিরিক্ত দুই বছর ঝরে না যায়, এ জন্য আস্তে আস্তে কাজ করার কথা বলেছেন এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির উপাচার্য প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে চলমান কার্যক্রম তুলে ধরেন।

এ ছাড়া অনুষ্ঠানে একাডেমিক উৎকর্ষতা, গবেষণায় সাফল্য এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য নির্বাচিতদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।