১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২

এ দুর্ঘটনায় আহত পিকআপ ভ্যানের চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 01:57 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।  

বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে সদর উপজেলার মাইজদী-চৌমুহনী সড়কের ভূমি অফিসের সামনে ফোরলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সুধারাম থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান।

নিহতরা হলেন- সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৩) ও একই গ্রামের কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)।

এ দুর্ঘটনায় আহত পিকআপ ভ্যানের চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে মোটরসাইকেলে করে অভি ও হৃদয় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান হঠাৎ ইউটার্ন নেয়। এ সময় মাইজদীগামী মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ও পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন।

পরিচয়হীন পিকআপ ভ্যানের চালক ও মোটরসাইকেল আরোহী হৃদয়কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সকাল ৭টার দিকে হৃদয়কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।