Published : 12 Aug 2026, 06:26 PM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক রাজমিস্ত্রি হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে টাঙ্গাইলের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন।
দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার টুনি মগড়া গ্রামের (কাজি বাড়ি) মো. আ. আলীমের ছেলে মো. আ. মালেক (২১) এবং মো. রাশেদুল ইসলামের ছেলে মো. সজিব মিয়া (২০)।
মামলার বরাতে পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, ২০২৩ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার মগড়া পূর্বপাড়া গ্রামের মো. রমজান আলীর ছেলে রাজমিস্ত্রি ফয়সাল (১৮) বাড়ি থেকে বের হন। পরে রাতে আর তিনি বাড়ি ফেরেননি।
পর দিন সকালে ধলাটেংগর দক্ষিণপাড়ার কালিবাড়ী চকে ইউক্যালিপটাস গাছের বাগানের ভেতর থেকে ফয়সালের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বুক, পিঠ, মুখ ও মাথায় ধারাল অস্ত্রের আঘাতে জখম ছিল।
এ ঘটনায় ফয়সালের বাবা রমজান আলী বাদী হয়ে অজ্ঞাত পরিচয়দের আসামি করে কালিহাতী থানায় হত্যা মামলা করেন বলে জানান পিপি।
তিনি বলেন, ২০২৪ সালের ১ জানুয়ারি মো. সজিব মিয়া ও মালেককে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের এসআই নাফিউল ইসলাম। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং নিহতের মোবাইল ফোন কালিবাড়ী খেয়াঘাটে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
পরে আসামিরা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান পিপি শফিকুল ইসলাম।
তদন্ত শেষে পুলিশ ২০২৪ সালের ২৯ জুলাই দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন বলে জানান তিনি।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছর বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।