Published : 10 Nov 2025, 08:30 PM
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও ননদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন চারজন।
সোমবার বিকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রফিক সরকার।
দণ্ড পাওয়ারা হলেন- রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের শুকুর আলী প্রামাণিকের ছেলে দোলন হোসেন প্রামানিক ও মেয়ে সুজনী খাতুন।
মামলার বরাতে পিপি রফিক সরকার বলেন, ২০১০ সালে দোলনের সঙ্গে একই গ্রামের জিয়াছমিন খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ের জন্ম হয়। পারিবারিক বিরোধের জেরে দোলন তার স্ত্রীকে প্রায় শারীরিকভাবে নির্যাতন করতেন। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশও হয়।
২০১৯ সালের ১৩ জুন জিয়াছমিনকে হত্যা করা হয়। এ ঘটনায় জিয়াছমিনের বাবা হাজী ইউসুফ আলী প্রামানিক সাতজনের নামে থানায় মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি রফিক সরকার।