Published : 27 Sep 2025, 02:03 PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের পুরান বাউশিয়ায় বাস চাপায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহপাঠী ও স্থানীয়রা।
শনিবার সকাল পৌনে ১০টায় দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ।
নিহত শ্রাবন্তী আক্তার (১৪) গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও চরবাউশিয়া গ্রামের হানিফ মিয়ার মেয়ে।
ওসি আনোয়ার আলম আজাদ বলেন, শনিবার সকাল শ্রাবন্তী আক্তার লোকাল গাড়ি থেকে নেমে রাস্তা পার হয়ে স্কুলে যাওয়ার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিল। এসময় স্টার লাইন পরিবহনের ঢাকামুখী একটি বেপরোয়া গতির বাস শ্রীবন্তীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শ্রীবন্তী।

এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল আবার শুরু হলেও শিক্ষার্থীরা স্টার লাইন পরিবহনের ছয়টি বাস আটকে রাখে এবং স্টার লাইন পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।
ওসি আজাদ আরও বলেন, উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী-পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। মহাসড়কের পাশের এই শিক্ষালয়টির শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে এবং পুনরায় যেন দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারেও পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।