১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন

আর নতুন করে জিপিএ ৫ পেয়েছে ১১২ জন।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 03:24 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৭৯ জন পরীক্ষার্থী; আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন।

বৃহস্পতিবার খাতা পুনর্নিরীক্ষণের এই নতুন ফল প্রকাশ করা হয় বলে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান।

তিনি বলেন, এ বছর ১৭ হাজার ২৮৩ জন এসএসসি পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য মোট ৫০ হাজার ২৯৩টি উত্তরপত্রের আবেদন করেছিলেন। তাদের মধ্যে ১ হাজার ৫ জনের গ্রেড পয়েন্ট উন্নত হয়েছে এবং নম্বর পরিবর্তন হয়েছে ৩ হাজার ১১৮ জনের।

এর আগে ১০ অগাস্ট প্রকাশিত ফলাফলে বরিশাল বোর্ডে সার্বিক পাসের হার ছিল ৬০ দশমিক ৩৫ শতাংশ।

বোর্ড সূত্রে জানা যায়, এবার ১ হাজার ৫১৫টি স্কুল থেকে ২১৬টি কেন্দ্রে মোট ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেন ৪৮ হাজার ৫৫৫ জন এবং বহিষ্কৃত হন ২৪ জন।