নাটোরে রেস্তোরাঁয় মরা মুরগি, ১০ হাজার টাকা জরিমানা
পরে মুরগিগুলো ধ্বংস করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
নাটোরের নলডাঙ্গায় একটি রেস্তোরাঁয় রান্নার জন্য মরা মুরগি রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে নলডাঙ্গা স্টেশন বাজার এলাকায় ‘ফজল আলীর হোটেল’ নামে ওই রেস্তোরাঁয় মরা মুরগি পাওয়ার পর এ জরিমানা করা হয় বলে জানান, নলডাঙ্গার ইউএনও ও নির্বাহী হাকিম রেদুয়ানুল হালিম। পরে মুরগিগুলো ধ্বংস করা হয়।
স্থানীয়রা বলেন, বিকালে খামার থেকে ১০ কেজি মরা মুরগি এনে রান্নার জন্য প্রস্তুতির বিষয়টি তারা দেখতে পান।
খবর পেয়ে নলডাঙ্গার ইউএনও রেদুয়ানুল হালিম এসে বিষয়টির সত্যতা পান এবং রেস্তোরাঁ মালিক ফজল আলী অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
