১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোরবানির ঈদে ৭ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দুই দেশে বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 09:35 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

কোরবানির ঈদ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি সাত দিন বন্ধ থাকবে। 

তবে এই সময়ে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে দুই দেশে বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম বলেন, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ভারতের ব্যবসায়ীদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। 

এ সময়ে বন্দরের বেসরকারি ওয়্যারহাইজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডও বন্ধ থাকবে। ১ জুন থেকে পুনরায় সব কাজ শুরু হবে। 

হিলি স্থলবন্দর কাস্টমস স্টেশনের উপ-কমিশনার সন্তোষ সরেণ বলেন, “সরকারি ছুটি ছাড়া বন্দরে কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ককরাদি পরিশোধ করে বন্দর থেকে তাদের পণ্য খালাস করে নিতে পারবেন।”

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. আরিফুল ইসলাম বলেন, বাণিজ্যিক কাজ বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা-যাওয়া স্বাভাবিক থাকবে।