মানিকগঞ্জে পদ্মায় জেলের জালে ১১ কেজির কাতল, বিক্রি ১৪ হাজারে
ভোরের দিকে মাছ শিকারি রাজ্জাকের জালে মাছটি ধরা পড়ে।
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ১১ কেজির কাতল মাছ ধরা পড়েছে।
সোমবার ভোরের দিকে উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় এলাকার মাছ শিকারি রাজ্জাকের জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয় বলে উপজেলার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তের আড়তদার হৃদয় রাজবংশী জানান।
হৃদয় বলেন, “আন্ধারমানিক আড়তে সুবাশ রাজবংশীর আড়তে মাছটি তোলেন রাজ্জাক। পরে হাকডাকে ১২ হাজার ৬০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী ইয়েমেল।
“পরে ইয়েমেল মাছটি বলড়া বাজারে নিয়ে গেলে বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হাসান আলী ১৪ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।”
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম বলেন, “মানিকগঞ্জের পদ্মা নদীতে মাঝে মাঝে বড় বড় পাঙাশ, আইড়, কাতল, চিতল ও বোয়াল মাছ ধরা পড়ে। সোমবার ভোরে একটি কাতল মাছ ধরা পড়েছে বলে শুনেছি।”
