গোপালগঞ্জে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
“গোপালগঞ্জে হামলা চালিয়ে আওয়ামী লীগ ধৃষ্টতা দেখিয়েছে,” বলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা রাফি।
জাতীয় নাগরিক পার্টি— এনসিপির সমাবেশ ঘিরে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার বিকালে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় এনসিপি ও তাদের সমর্থক বিভিন্ন সংগঠন এ মিছিল বের করে।
সমাবেশে বিক্ষোভকারীরা ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসনের জবাব চাই’; ‘আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও-পুড়িয়ে দাও’; ‘আওয়ামী লীগের ঠিকানা এ বাংলায় হবে না’ ও ‘ইনিকিলাব জিন্দাবাদ-মুজিববাদ মুর্দাবাদ’সহ নানা স্লোগান দিতে থাকেন।
সমাবেশে এনসিপি নেতাদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ এনসিপির সমর্থক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, গোপালগঞ্জে হামলা চালিয়ে আওয়ামী লীগ ধৃষ্টতা দেখিয়েছে। হামলার ঘটনায় প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এনসিপির পদযাত্রা ও সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জ শহরে যান দলটির নেতাকর্মীরা। তবে সকালে নেতাকর্মীদের শহরে প্রবেশের সময়ই পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এরপর দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির শব্দে গোটা গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয় এক বার্তায় জানিয়েছে, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি থাকবে।
