বরিশালে বাসচাপায় চরমোনাই পীরের ফুফাতো বোনের মৃত্যু
এ ঘটনার পর নিরাপদ সড়ক এবং বাস চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মাদ্রাসা শিক্ষার্থীরা।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাসচাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন; যিনি চরমোনাই পীরের ফুফাতো বোন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার শিকারপুর সেতুর ঢালে এ ঘটনা ঘটে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান হাওলাদার।
নিহত রেহানা বেগম (৪৫) বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাসিরউদ্দিনের স্ত্রী। তিনি চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের ফুফাতো বোন বলে জানিয়েছেন দলটি মিডিয়া কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন নাইস।
ওসি মিজানুর রহমান বলেন, সকাল ৯টা ৪০ মিনিটের রেহানা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী ‘আহনাফ পরিবহনের’ একটি বাস দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়।
এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। খবর পেয়ে রাকুদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকরা এসে রেহানাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার পর চালক, সহকারী ও সুপারভাইজার বাসটি এয়ারপোর্ট থানার কামিনী পেট্রোল পাম্পে রেখে পালিয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে।
ঘটনার পর নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তাৎক্ষণিক ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মাদ্রাসা শিক্ষার্থীরা।
বাসটি জব্দ করার পর ও জড়িতদের বিচারের আশ্বাসে আন্দোলনকারীরা এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন বলে জানান ওসি মিজানুর।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
