Published : 23 Jun 2025, 02:10 AM
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, রোববার বিকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাশের খালে মোহাম্মদ আবদুল্লাহর লাশ পাওয়া যায়।
আবদুল্লাহ ওই ক্যাম্পের ‘সি’ ব্লকের হামিদ হোসেনের ছেলে।
হিমেল রায় বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নিখোঁজ হয় শিশুটি। এরপর মোবাইল ফোনে কল করে শিশুর বাবার কাছে ২০ লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণ না পেলে দেওয়া হয় হত্যার হুমকি। এর মধ্যে রোববার শিশুটির লাশ পাওয়া যায়।
এদিকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজার আসার পথে নিখোঁজ কিশোর রিয়াজুল হাসানকে (১৮) ছয়দিনের উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি চট্টগ্রামের লোহাগাড়া থানার চরম্বা ইউনিয়নের চরম্বা পদ্মশিখিলের বাসিন্দা ফেরদৌস আলমের ছেলে।
মঙ্গলবার বাড়ি থেকে কক্সবাজার যাওয়ার পথে তিনি অপহরণের শিকার হন বলে অভিযোগ করেন তার বাবা ফেরদৌস আলম।
তিনি বলেন, রিয়াজুল মোবাইল নম্বরে ফোন করলে অপরিচিত এক ব্যক্তি পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, অপহৃত কিশোরের সর্বশেষ অবস্থান পাওয়া যায় নারায়াণগঞ্জে। পুলিশ এ বিষয়ে কাজ করছে।