১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৫০০ টাকা মজুরির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের সড়ক অবরোধ

বছরে মাত্র আট টাকা করে মজুরি বাড়ানো শ্রমিকদের সঙ্গে প্রহসনের শামিল বলে মনে করেন বক্তারা।

৫০০ টাকা মজুরির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের সড়ক অবরোধ
চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 10:33 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণসহ বেশ কয়েকটি দাবিতে সিলেটের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চা-শ্রমিকরা।

শনিবার সকালে খাদিম চা-বাগানে সমাবেশ শেষে শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন বলে জানান চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দপ্তর সম্পাদক দীপ্ত নায়েক।

তিনি বলেন, দৈনিক মজুরি ৫০০ টাকা করা, পাঁচ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, চা-শ্রমিকদের ভূমির মালিকানা নিশ্চিত করা এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচন আয়োজনের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সবুজ তাঁতীর সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির প্রধান সমন্বয়ক এস এম শুভ, উপদেষ্টা সৈয়দ ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক দীপ্ত নাছেশ এবং শ্রমিক নেতা সুশান্ত চাষা বক্তব্য দেন।

বক্তারা বলেন, বর্তমানে দৈনিক ১৮৭ টাকা মজুরিতে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন। তাই ন্যায্য ও সম্মানজনক জীবনযাপনের জন্য দৈনিক ৫০০ টাকা মজুরি করা প্রয়োজন।

বছরে মাত্র আট টাকা করে মজুরি বাড়ানো শ্রমিকদের সঙ্গে প্রহসনের শামিল বলে মনে করেন বক্তারা।

ভূমির মালিকানার বিষয়ে বক্তারা বলেন, প্রায় ২০০ বছর ধরে চা-বাগানে বসবাস করলেও চা-শ্রমিকদের নিজেদের কোনো জমির মালিকানা নেই। এ কারণে তারা অনেক মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম শুভ বলেন, “চা-শ্রমিকরা রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। দেশের সবচেয়ে কম মজুরিতে কাজ করা এই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সব বাগানের শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে।”

দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সবুজ তাঁতী।