১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং: ১৩ শিক্ষার্থীকে শাস্তি

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে এক আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 10:30 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতনের দায়ে ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে এক আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয় বলে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক রাহাত মাহমুদ জানান। 

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুক্তভোগী নবীন শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে। তদন্তে র‌্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব প্রদান, অংশগ্রহণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

এতে বলা হয়, শাস্তির মধ্যে রয়েছে পাঁচ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড, এক সেমিস্টার থেকে এক বছরের জন্য হল ও ক্লাস থেকে বহিষ্কার, অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা এবং ভবিষ্যতে একই ধরনের অপরাধে জড়িত হলে স্থায়ী বহিষ্কারের সতর্কতা। 

এ ছাড়া কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে শর্তসাপেক্ষে শাস্তি স্থগিত রেখে নজরদারিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ ও মুচলেকা দাখিল না করলে শাস্তি কার্যকর হবে। একই সঙ্গে ক্যাম্পাসে র‌্যাগিং প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে, র‌্যাগিংমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে এ ধরনের পদক্ষেপ সময়োপযোগী। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে আরও কঠোর পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন তারা।