১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাড় ধসে মেঘনায় নিখোঁজের ৩ দিন পর মিলল বিজিবি সদস্যের লাশ

ভোলায় তিন দিন আগে নদীর তীরে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পাড় ধসের ঘটনা ঘটে।

পাড় ধসে মেঘনায় নিখোঁজের ৩ দিন পর মিলল বিজিবি সদস্যের লাশ
নিহত আমজাদ হোসেন।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 07:05 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

ভোলার শিবপুরে মেঘনা নদীর তীরে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পাড় ধসে নিখোঁজের তিন দিন পর এক বিজিবি সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার দুপুরে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম।

নিহত আমজাদ হোসেন ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, স্থানীয় জেলেরা নদীতে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে দৌলতখান থানা ও হাকিমুদ্দিন নৌ পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করেন। 

পরবর্তীতে মৃতদেহটি মেঘনা নদীতে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের বলে শনাক্ত করেন তার স্বজনরা।

মৃতদেহ উদ্ধারের পর নদীর তীরে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে পুরো এলাকা।

ওসি ফখরুল ইসলাম বলেন, বুধবার শিবপুরে মেঘনা নদীর তীরে পাঁচ বন্ধু বসে আড্ডা দেওয়ার সময় হঠাৎ পাড় ধসে যায়। এতে পাঁচজন নদীতে তলিয়ে যান। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও রাকিব ও আমজাদ হোসেন নিখোঁজ হন। 

শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি চর থেকে রাকিবের মৃতদেহ উদ্ধার করে নৌ-পুলিশ ও কোস্ট গার্ড। সবশেষ বিজিবি সদস্য আমজাদের মৃতদেহ উদ্ধার হলো। 

সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি ব্যবস্থা নেওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি ফখরুল।