বেনাপোলে যুবকের শরীরে লুকানো ছিল ৯০ লাখ টাকার সোনার বার
ভারতে পাচারের উদ্দেশে সোনার বারগুলো বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে প্রায় ৯০ লাখ টাকার তিনটি সোনার বারসহ এক যুবককে আটক করা হয়েছে; যেগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।
এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার রাতে পোর্ট থানার পুটখালি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান।
আটক সুজন হোসেন (৩৪) পোর্ট থানার পুটখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বুধবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন খবর পেয়ে বিজিবির পুটখালি বিওপির একটি বিশেষ দল সীমান্তের পুটখালি এলাকায় অবস্থান নেয়। এ সময় সুজন মোটরসাইকেলে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে থামানো হয়।
পরে তার শরীর তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি সোনার বার পাওয়া যায়। এ সময় তার কাছে থাকা একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দ করা সোনার ওজন ৩৯৭ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা বলে জানায় বিজিবি।
সোনার বারগুলো পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন বিজিবিকে জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, জব্দ করা সোনা সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়। এ ছাড়া সুজনের বিরুদ্ধে মামলা দিয়ে মোটরসাইকেল ও মোবাইলসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালসহ যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
