Published : 18 Jul 2026, 06:00 PM
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ কেন্দ্রে চারটি পদ্ম গোখরা সাপ অবমুক্ত করা হয়েছে।
শনিবার দুপুরে সাপগুলো অবমুক্ত করেন স্নেক রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান রাব্বি ও পিটাছড়া বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ কেন্দ্রের মাহফুজ রাসেল।
স্নেক রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান রাব্বি বলেন, “বৃহস্পতিবার চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে দুপুর ১টার দিকে আমার কাছে একটা কল আসে, তিনি নাকি ৯৯৯ থেকে আমার নম্বরটা পাইছেন।
“সেখানে যাওয়ার পর দেখি, একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তাদের বেজমেন্টের ভেতরে হচ্ছে সাপ আছে। একে একে ৪টা সাপ উদ্ধার করি। পরে নিরাপদে অবমুক্ত করার জন্য পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ কেন্দ্রে নিয়ে আসি।”

পিটাছড়া বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ কেন্দ্রের মাহফুজ রাসেল বলেন, “পিটাছড়া যে প্রাকৃতিক বনটা আছে, বেশ বড়ই। এখানে আরও অনেক ধরনের সাপের স্পিসিস আছে এবং কারণটা হচ্ছে হলো এখানে বাস্তুসংস্থান সাপের বাঁচার জন্য খুব ভালো।
“পিটাছড়া নিয়ে আসার পর আমরা এখানেই অবমুক্ত করলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হল- এই সাপ চারটাই ছিল বেশ বড়। এই চারটা সাপের ওজন ছিল সাড়ে সাত কেজি। সাপগুলোর বয়স মোটামুটি ১৫ থেকে ২০ বছর হবে। তার মধ্যে তিনটা পুরুষ আর একটা স্ত্রী সাপ। ওদের এখন আসলে মেটিং সিজন। আশা করি ওরা এখানে ভালোভাবেই থাকতে পারবে।”