ভোলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
যাত্রী বেশে ছিনতাইকারীরা অটোরিকশা ভাড়া নিয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
ভোলার লালমোহন উপজেলায় এক চালককে ছুরিকাঘাতে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম।
নিহত ৫৫ বছর বয়সি মো. আবু বক্কর চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান গণির ছেলে।
পুলিশ স্থানীয়রা জানান, যাত্রী বেশে ছিনতাইকারীরা আবু বক্করের অটোরিকশা ভাড়া নেয়। পরে নির্জন স্থানে নিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। ছিনতাইকারী এর আগেও বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
আবু বক্করের বোন জুলেখা বেগম বলেন, “আমার ভাই প্রতিদিনের মত মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। রাতে ফেইসবুকে লালমোহনে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের খবর দেখি। সকালে লালমোহন থানায় গিয়ে নিশ্চিত হই লাশটি আমার ভাইয়ের।”
এ ঘটনায় আবু বক্করের ছেলে সুলতান বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
ওসি অলিউল ইসলাম বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
