Published : 22 Dec 2025, 01:12 PM
তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লায় ১১টি আসনে মোট ৫৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে বিএনপি থেকে।
উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ চলছে এবং কোথাও আচরণবিধি লঙ্ঘনের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সোমবার সকালে কুমিল্লা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছে। কোথাও আচরণবিধি লঙ্ঘনের কোনো খবর পাওয়া যায়নি।”
প্রতি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১১টি আসনে মোট ৫৫টি মনোনয়নন সংগ্রহ হয়েছে। এখনো পর্যন্ত সর্বাধিক মনোনয়ন সংগ্রহ হয়েছে বিএনপি থেকে ১৯টি। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামীর ৯টি, এনসিপির ১টি, ইসালামী আন্দোলন বাংলাদেশের ৩টি, জাতীয়তাবাদী কৃষক দলের ১টি, খেলাফত মজলিসের ৩টি, বাংলাদেশ খেলাফত মজলিসের ২টি, এলডিপির ১টি, বাংলাদেশ কংগ্রেসের ১টি, গণফ্রন্টের ১টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টির ১টি, গণঅধিকার পরিষদের ১টি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ১টি এবং স্বতন্ত্র হিসেবে ১০টি মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে।

স্বতন্ত্র পদেও সবচেয়ে বেশি বিএনপি নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কুমিল্লা-২ আসন থেকে স্বতন্ত্র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এম এ মতিন। এই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়াও নির্বাচনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের বলেন, “বিএনপি থেকে একজনকেই মনোনয়ন দেওয়া হয়েছে। যেমন কুমিল্লা দুই আসন থেকে আমি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছি।
“বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে অনেকেই মনোনয়ন প্রত্যাশা করতে পারেন। এদের মধ্যে কারো কারো মান-অভিমান মনোমালিন্য থাকতে পারে, কিন্তু সেগুলো থাকবে না। বিএনপির কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।”
রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে ৫টি, কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনে ৪টি, কুমিল্লা-৩ মুরাদনগর আসনে ৫টি, কুমিল্লা-৪ (দেবিদ্বার আসনে) ৭টি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ৪টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে।
এছাড়া কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনে ৩টি, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ৪টি, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ৩টি, কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১৩টি, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে ৪টি এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ২টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।