১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুলিশি নির্যাতনের অভিযোগে কাফনের কাপড়, বিষের বোতল নিয়ে প্রতিবাদ

সাংবাদিক ফিরোজ মোস্তফা বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভির বরিশাল বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 05:13 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

বরিশালে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগ তুলে হাতে বিষের বোতল এবং শরীরে কফিনের কাপড় জড়িয়ে প্রতিবাদ করেছেন এক সাংবাদিক। 

বুধবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান নিয়ে এই প্রতিবাদ করেছেন সাংবাদিক ফিরোজ মোস্তফা। তিনি বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভির বরিশাল বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন।

ফিরোজ মোস্তফা অভিযোগ করেন, কোতোয়ালি মডেল থানার এএসআই সাইদুল ইসলাম সাঈদ ও আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির কনস্টেবল নাভিদ আনজুমের মাধ্যমে তিনি দীর্ঘ ছয় মাস ধরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের শিকার হচ্ছেন।

দুই পুলিশ সদস্য তার ব্যক্তিগত মোবাইল থেকে সংগৃহীত ছবি ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করছে। এর প্রতিবাদ করায় তাকে মারধর, উলঙ্গ করে ভিডিও ধারণ এবং তিনদিন আটকে রাখার অভিযোগও করেন তিনি।

ফিরোজ মোস্তফার দাবি  সর্বশেষ গত ৮ ডিসেম্বর তার অফিসে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস, মোবাইল ফোন, ল্যাপটপ, পাসপোর্ট, এনআইডি কার্ডসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়, যা এখনো ফেরত পাননি।

এছাড়া ফিরোজ মোস্তফার সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিগুলোও পুলিশ সদস্যরা ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

পরে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে দুপুর ১টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন ফিরোজ মোস্তফা।

ফিরোজ মোস্তফার করা অভিযোগের বিষয়ে জানতে কোতোয়ালি মডেল থানার এএসআই সাইদুল ইসলাম সাঈদের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। 

তবে এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন-উল ইসলাম বলেন, “সংশ্লিষ্টদের সঙ্গে সাংবাদিকের পূর্বপরিচয় ছিল, যা পরবর্তীতে তিক্ততায় রূপ নেয়। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং কারও অন্যায় প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।”