Published : 20 Aug 2025, 09:53 PM
কুমিল্লা-৯ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনের আগের সীমানা বহাল রাখার দাবিতে বিএনপি মশাল মিছিল করেছে।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে এই মশাল মিছিল হয়েছে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী সমর্থিত নেতারা বক্তব্য দেন।
সমাবেশের সমন্বয়ক ছাত্রদল নেতা নূর মোহাম্মদ মজুমদার বলেন, “আমরা কুমিল্লা-৯ আসনের সীমানা পুনর্বহাল চেয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি করছি। নির্বাচন কমিশন যে পরিবর্তিত সীমানা পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করেছে তা আমরা প্রত্যাখ্যান করি।
“আমরা চাই, আমাদের আসন আগের মত থাকুক। আগের সীমানায় জাতীয় সংসদ নির্বাচন হউক। দাবি আদায় নাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
মিছিলে আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, সদস্যসচিব ইউনুস মিয়া, সমন্বয়ক ও ছাত্রদল নেতা নূর মোহাম্মদ মজুমদার, বিএনপি নেতা মোশারফ হোসেন।