১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংপুরে টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন, ট্রাক বাড়ানোর দাবি

দুর্ভোগ কমাতে প্রতিটি ওয়ার্ডে একটি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

রংপুরে টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন, ট্রাক বাড়ানোর দাবি
রংপুর নগরীর ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 09:39 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

রোজা উপলক্ষে রংপুর নগরীর ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। 

বুধবার সকাল থেকে রংপুর সিটির ৩৩টি ওয়ার্ডে ১৫টি ট্রাকসেলে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। 

যে স্থানে টিসিবির ট্রাক দাঁড়াবে, সেই স্থানে আগে থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষদের। 

রোজায় নিয়মিত পণ্যের সঙ্গে ছোলা ও খেজুর যুক্ত করা হয়েছে। 

প্রতিটি প্যাকেজের মূল্য ৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন প্রায় ৪০০ ক্রেতা। 

সে হিসেবে প্রতিদিন ৬ হাজার ক্রেতা এই পণ্য নিতে পারবেন।

তবে দুর্ভোগ কমাতে প্রতিটি ওয়ার্ডে একটি করে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রির দাবি জানিয়েছেন তারা।

জুম্মাপাড়া এলাকার বাসিদা রজম আলী বলেন, “বাংলাদেশে রমজান মাস এলে খাদ্যপণ্যসহ সব জিনিসের দাম দ্বিগুণ হারে বাড়ে। কাল থেকে শুরু হচ্ছে রমজান মাস। সব পণ্যের ইতোমধ্যে দাম বেড়েছে। 

“আমরা যারা নিম্ন আয়ের মানুষ, আমাদের জন্য খুবই কষ্টের মাস। টিসিবি কিছু পণ্য সুলভমূল্যে আমাদের দিচ্ছে, এটা ভালো উদ্যোগ। তবে আরও ট্রাক বাড়ালে ভালো হতো।”

টিসিবি পণ্য কিনতে নগরীর ধাপ এলাকার কোহিনূর আক্তার বলেন, “টিসিবির পণ্য হতদরিদ্র পরিবারের জন্য বিশাল পাওয়া। বাজারের যা অবস্থা, টিসিবির এই সেবা সাময়িকভাবে হলেও আমাদের জন্য উপকার। যদিও নির্দিষ্ট পণ্য। তারপরও পুরো রমজান পর্যন্ত আমরা এই সেবা চাই।”

একই এলাকার সাকিরন বেওয়া বলেন, “দিন আনি দিন খাই, টিসিবির জিনিস নিতে আসলে, দিনটা চলি যায়। সকালে থেকি লাইনে আছি। এখনও কিছু পাই নাই। 

“গরীব মানুষ তাই কাম ফেলে লাইনে দাঁড়াইছি। কষ্ট হলেও করার কিছু নাই।”

টিসিবির রংপুর আঞ্চলিক উপপরিচালক ও অফিস প্রধান হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,

“এ কর্মসূচির আওতায় ভোক্তারা চলতি বাজার দরের চেয়ে কম দামে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর কিনতে পারছেন। আগামী ১২ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে।”

রংপুর সিটি ছাড়া বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় পাঁচটি পয়েন্টে পণ্য বিক্রি চলছে বলে জানান তিনি।