১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে নতুন যুগের সূচনা হয়েছে: আমির খসরু

শনিবার খাগড়াছড়ির দীঘিনালার মেরুংয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2024, 09:58 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে নতুন যুগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।  

তিনি বলেছেন, “শেখ হাসিনা পলায়ন করার পর বাংলাদেশে নতুন যুগের সূচনা হয়েছে। এখন মানুষ আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছে।” 

শনিবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালার মেরুংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই আয়োজন করে।

বিএনপি নেতা বলেন, “বিএনপির রাজনীতির মূল উৎস জনগণ। আগামীর বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে। অনেকে বলেছিল, শেখ হাসিনা চলে গেলে বিএনপি লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলবে। বিএনপি সব দখল করে ফেলবে। অথচ বিএনপি কিছুই করেনি। 

“বিএনপি ১৬ বছর গুম, খুন, মামলা, নির্যাতনের শিকার হয়েছে। বাড়িঘরে বিএনপির নেতাকর্মীরা থাকতে পারে না। চাকরি, ব্যবসা নিয়ে গেছে। এতো অত্যাচারের পরও বিএনপির নেতাকর্মীরা সংযম দেখিয়েছে।”

অনুষ্ঠানে বিএনপির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, “অনেক রক্তের বিনিময়ে, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এ সরকার পালিয়ে গেছে। শেখ হাসিনা বিদেশ চলে গেছে। আমরা চেয়েছিলাম সরকারের পতন, হয়ে গেছে সরকারের পলায়ন। বিএনপি ১৫ বছর আন্দোলনের মাধ্যমে এই ছাত্র-জনতার অভ্যুত্থানের পটভূমি রচনা করেছে।”  

এ সময় তিনি পাহাড়ে বসবাসরত মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান। 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এ জিলানী। অনুষ্ঠানে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।