২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

গরু নিয়ে ‘মাফ চেয়ে’ গেল চোর

“গাভীগুলো ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। এরমধ্যে একটি গাভী গাভীন (সন্তানসম্ভবা) ছিল। আর কয়েক দিন পরই গাভীটি বাচ্চা দিতো।”

গরু নিয়ে ‘মাফ চেয়ে’ গেল চোর
গোপালগঞ্জে জীবন যাপনের অবলম্বন গাভী হারিয়ে দিশেহারা আলী মোল্লা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2024, 02:35 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক দরিদ্র কৃষকের দুইটি গাভী চুরি হয়েছে। গাভীগুলো চুরি করা ব্যক্তি তাকে ‘মাফ করে’ দেওয়ার অনুরোধ লিখে গেছেন ঘরের মেঝেতে। 

উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামে এই চুরির পর থেকে কেঁদে-কেটে, খেয়ে না খেয়ে বিভিন্ন হাট-বাজারে খোঁজাখুঁজি করছেন গাভীগুলির মালিক আলী মোল্লা (৬০)। 

তিনি বলেন, “মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়ালঘরে থাকা গাভী দুটি নেই। ঘরের দরজার নিচের অংশের মাটিতে লেখা দেখি ‘আমি আপনার গাভী ২টি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন।” 

তিনি আরো বলেন, “এই গাভীগুলো ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। এরমধ্যে ১টি গাভী গাভীন (সন্তানসম্ভবা) ছিল। আর কয়েক দিন পরই গাভীটি বাচ্চা দিতো।

“৫ দিন ধরে আমি বিভিন্ন এলাকাসহ হাট-বাজারে অনেক খোঁজাখুজি করেও গাভী দুটি পেলাম না। গাভী দুটি নিয়ে বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল আমার। সবকিছু যেন শেষ হয়ে গেল।”

এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ, “আমরা ক্ষতিগ্রস্ত কৃষককে সমাজ কল্যাণ পরিষদ থেকে আর্থিক সহযোগিতা করব। পরিষদের আর্থিক সহায়তার সর্বোচ্চ ধাপে তাকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব।”

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “এলাকার চুরির প্রতিকার নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের তৎপরতা বাড়ানোসহ রাতের বেলা থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে।”