গাছে প্রাইভেটকারের ধাক্কা, গায়ে হলুদের দিন প্রাণ গেল তরুণের
“সন্ধ্যায় জুলফিকারের গায়ে হলুদ ছিল; সোমবার তার বিয়ে।”
নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে একজন নিহত হয়েছেন।
রোববার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বনপাড়া হাইওয়ে থানার ওসি, মনিরুজ্জামান জানিয়েছেন।
নিহত ২৯ বছর বয়সী জুলফিকার আলী জিল্লু পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া নওদাপাড়া এলাকার আনছারুলের ছেলে।
ওসি মনিরুজ্জামান বলেন, “সন্ধ্যায় জুলফিকারের গায়ে হলুদ ছিল; সোমবার তার বিয়ে। বিয়ে উপলক্ষে বনপাড়া থেকে বোন ও দুলাভাইকে আনতে যাচ্ছিলেন তিনি।
“পথে নিয়ন্ত্রণ হারিয়ে তার প্রাইভেটকারটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশেই পার্কিং করা একটি ট্রাকের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
জুলফিকারের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
