সিরাজগঞ্জে ৩ মাদক কারবারির যাবজ্জীবন
এক আসামির উপস্থিতিতে এই রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক সরকার জানান।
হেরোইন পাচারের মামলায় রাজশাহীর তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এক আসামির উপস্থিতিতে এই রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক সরকার জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চন্দলিয়া কুমারপুর গ্রামের সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের সোহেল রানা এবং বিদিরপুর গ্রামের আরিফুল ইসলাম সাগর।
রায় ঘোষণার সময় আরিফুল ইসলাম সাগর আদালতে উপস্থিত থাকলেও অপর দুই আসামি পলাতক রয়েছেন।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২১ সালের ৪ অক্টোবর র্যাব ১২-এর সদস্যরা নাটোর-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রাক র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে র্যাব সদস্যরা ট্রাকটি আটকের পর ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে তাড়াশ থানায় মামলা করা হয়।
