১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তেলের দাম বাড়লেও পণ্য পরিবহন খরচ খুব বেশি বাড়েনি: মন্ত্রী

জ্বালানি ব্যয় ও পণ্যের দামের সম্পর্ক নিয়ে গণমাধ্যমকে আরও সতর্কভাবে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান মন্ত্রী।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 05:42 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্য পরিবহনের খরচ খুব বেশি বাড়েনি বলে মন্তব্য করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

মন্ত্রী পণ্য পরিবহন ব্যয় নিয়ে একটি হিসাব তুলে ধরে বলেন, একটি ট্রাকে ঢাকা থেকে চট্টগ্রামে প্রায় ১০ হাজার কেজি পণ্য নিতে গড়ে ৩০ লিটার ডিজেল লাগে। তেলের দাম বাড়ায় এতে অতিরিক্ত খরচ হয় প্রায় ৪৫০ টাকা। অর্থাৎ প্রতি কেজি পণ্যে খরচ বাড়ে ৪০ থেকে ৪৫ পয়সার মত, যা খুব বেশি নয়। 

তিনি বলেন, তাই তেলের দাম বৃদ্ধিকে কারণ দেখিয়ে পণ্যের দাম বেশি বাড়ানো ঠিক নয়।

জ্বালানি ব্যয় ও পণ্যের দামের সম্পর্ক নিয়ে গণমাধ্যমকে আরও সতর্কভাবে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান মন্ত্রী।

রপ্তানি খাত নিয়ে মন্ত্রী বলেন, “রপ্তানিতে এই মন্দাভাব গতকাল তৈরি হয়নি। এই বৈশ্বিক মন্দাভাবটি তৈরি হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে। সেটা আরেকটু বেড়েছে। কারণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ হয়েছে। পেট্রোলিয়াম পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে।”

গ্যাস সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, শিল্পখাতে আগের মতোই গ্যাস দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে আরও গ্যাস আনতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার উপস্থিত ছিলেন।