ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করাতে এসে রোহিঙ্গা তরুণী আটক
“তার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করা যায়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে জানায় সে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের।”
ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন এক রোহিঙ্গা তরুণী।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে হাজেরা বেগম নামের ১৭ বছর বয়সী ওই তরুণীকে আটক করা হয়। এ সময় তার ভাই পরিচয় দেওয়া আরেকজনকেও আটক করে পুলিশে দেওয়া হয়।
হাজেরা বেগম কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মুক্তার আহমদের মেয়ে। তার ভাই পরিচয়ে আটক ইমন মিয়া (১৮) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুরা এলাকার ফুল মিয়ার ছেলে।
ইমান মিয়া রোহিঙ্গা তরুণী হাজেরা বেগমকে জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউপির ঘোষপাড়া গ্রামের কালন মিয়ার মেয়ে সুফিয়া আক্তার পরিচয় দিয়ে পাসপোর্ট করাতে নিয়ে আসেন।
আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামানের সন্দেহ হলে কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। পরে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন তিনি।
মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৮ বছরের নিচে কেউ পাসপোর্ট করাতে এলে তার অভিভাবক মা-বাবাকে সঙ্গে নিয়ে আসতে হয়। এই তরুণীকে অভিভাবক আনতে বললে সে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলে।
“কাগজপত্র যাচাই করে দেখা যায়, তার জন্মনিবন্ধন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে করা। তবে জন্মনিবন্ধনে স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউপির ঘোষপাড়া গ্রামে। নাম দেওয়া আছে সুফিয়া আক্তার, বাবার নাম কালন মিয়া।”
এই কর্মকর্তা বলেন, “তার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করা যায়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে জানায় সে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের।”
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক মনিরুজ্জামান।
