১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হবে: খোকন

প্রতিটি সংসদীয় আসনে দুটি করে এমন শিক্ষাপ্রতিষ্ঠান করার কথা বলেছেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 06:48 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

ক্যাডেট কলেজের আদলে ৩০০টি সংসদীয় আসনে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করার কথা বলেছেন সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

তিনি বলেন, “দেশের ৩০০টি সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠান করা হবে। এর মধ্য দিয়ে দেশের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।”

রোববার দুপুরে নরসিংদীর ঘোড়াদিয়া উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব বলেন তিনি। অনুষ্ঠানে সদর উপজেলার ৪০০ শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

খোকন বলেন, “প্রতিটি সংসদীয় আসনে দুটি করে এমন শিক্ষাপ্রতিষ্ঠান করা আমাদের সরকারের একটা বড় কৃতিত্ব। এসব শিক্ষা প্রতিষ্ঠানের খরচ হবে নামমাত্র টাকা।

“নরসিংদী সদর উপজেলা নির্বাচনি এলাকাতেও দুটি প্রতিষ্ঠান হবে। সেটা ক্যাডেট কলেজের যে স্ট্যান্ডার্ড, যে মান, সেই মানেই হবে। মেধাবী ছাত্ররা সেখানে পড়বে, সেখানে পড়ে আরও ভালো রেজাল্ট করবে।”

আগের সরকারের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “আপনারা দেখেছেন, আগে লাল ফিতার দৌরাত্ম্য, অফিসিয়াল যে জটিলতা ছিল, শিক্ষকদের ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন পেনশনের জন্য, বদলি বা বিভিন্ন কাজের জন্য সময় নষ্ট করতে হত। টাকা-পয়সা খরচ করে রাজধানীতে যেতে হত। এখন অনলাইনে সব হচ্ছে। 

“অনলাইনে সব করার সুযোগ, পেনশনের জন্য শুধু যেতে হয়, অনলাইনে করার পর ফিজিক্যালি যেতে হবে না। তারা চাকরিজীবন শেষে, অবসর জীবনে পেনশন, পেনশনের জন্য ঘণ্টার পর ঘণ্টা ঘুরতে হবে না, অফিসিয়ালি হয়রানি শিকার হতে হবে না। সরাসরি তার অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে টাকা চলে যাবে।”

শিক্ষকদের বদলি নিয়ে সংসদ সদস্য খোকন বলেন, “বদলির ক্ষেত্রে আগের মতো ভিআইপি বা শিক্ষামন্ত্রী করতে পারবেন না। নতুন নীতিমালা অনুযায়ী যৌক্তিক বা মানবিক কারণ থাকলে শিক্ষকরা বদলি বা ট্রান্সফারের সুযোগ পাবেন।”

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।