Published : 26 Sep 2025, 03:34 PM
ময়মনসিংহ নগরীতে প্রখ্যাত বাউলশিল্পী ফরিদা পারভীন স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার ভোর থেকে জয়নুল আবেদিন উদ্যান এলাকায় ব্রহ্মপুত্র নদের পারে ‘পরম্পরা’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় সারাদেশে মাজার ভাঙচুর, ফকির ও আত্মভোলা মানুষদের জোর করে চুল কেটে দেওয়ারও প্রতিবাদ জানানো হয়।
গত কোরবানির ঈদের আগে ময়মনসিংহের তারাকান্দার ফকির হালিম উদ্দিন আকন্দকে ধরে জোর করে তার চুল, দাড়ি কেটে দেওয়া হয়। সেই ঘটনার ভিডিও সম্প্রতি ফেইসবুকে ছড়িয়েছে।
ফরিদা পারভীন স্মরণানুষ্ঠানে এই ঘটনার প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজক ও কবি শামীম আশরাফের চুলও কাটা হয়।
পরে শামীম আশরাফ বলেন, “লালনকন্যা ফরিদা পারভীনের মহাপ্রয়াণে দেশে কোনো আয়োজন আমরা দেখিনি। ফরিদা পারভীনকে স্মরণ করে আমরা ছোট একটি আয়োজনের চেষ্টা করেছি। সেখানে বাউল-ফকিরদের সংস্কৃতিতে আঘাতেরও আমরা প্রতিবাদ করেছি।”

ব্রহ্মপুত্র নদ পারের বড়ইতলায় সাদা কাপড় পেতে তাতে গান করেন শিল্পীরা। সকাল ১০টা পর্যন্ত মানুষজন এই অনুষ্ঠান উপভোগ করেন।
জয়নুল আবেদিন উদ্যানে সকালে হাঁটতে এসে গান শুনতে বসেন গবেষক স্বপন ধর। তিনি বলেন, “লালন মানবতাবাদ ছড়িয়ে গেছেন। মানুষ যদি জন্ম না নিতে তাহলে পৃথিবীর সবটাই বিফলে যেত। আগে মানুষ জন্ম নিয়েছে, তারপর নানা মতভেদ হয়ছে। যতবার যত ধরনের সংকীর্ণ চিন্তাধারা এসেছে, সবকিছুকে জোয়ারের জলের মত ভাসিয়ে নিয়ে গেছে মানবতাবাদ।”
শিল্পী ফরিদা পারভীন ১৩ সেপ্টেম্বর মারা যান। তিনি লালনগীতির জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন।