Published : 02 Jun 2026, 05:08 PM
সরকারি হাসপাতালে সেবা কার্যক্রম চলাকালীন কর্মস্থলে অনুপস্থিত থাকায় পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি দেখতে পেয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, “চিকিৎসকদের সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা প্রয়োজন ছিল। তারা এর ব্যত্যয় ঘটিয়েছেন। আমি শুনেছি, স্থানীয় এমপি সেখানে গিয়ে তাদের পাননি।
“তারা কেন সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত হননি, তার কারণ দর্শানোর জন্য তাদেরকে চিঠি দেওয়া হচ্ছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পর্যন্ত জানাব।”
এদিন সকাল ৯টায় পূর্বঘোষণা ছাড়াই সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

প্রায় দেড় ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সঙ্গে কথা বলেন হাসনাত। এ সময় কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবর, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মহিবুস ছালামসহ অন্য চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে হাসপাতালের ২৬ চিকিৎসকের মধ্যে পাঁচজনকে অনুপস্থিত পাওয়া যায়। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য হাসনাত। পরে দায়িত্বে অবহেলা ও সময়মত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগে তাদেরকে শোকজ করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, “হাসপাতালে কিছু অনিয়ম চোখে পড়েছে। চিকিৎসকরা সময়মত হাসপাতালে আসেন না। এমন পাঁচ চিকিৎসক অবহিতকরণ ছাড়া অনুপস্থিত থাকায় শোকজ করা হয়েছে।
“প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মহিবুস ছালাম দিনের কার্যক্রম নিয়ে হাসপাতালের সকল চিকিৎসকদের একটি ব্রিফ দেবেন। সেই মিটিংয়ের উপস্থিতির শিট আমাকে পাঠাবেন। যাদেরকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে, তারা যদি সঠিক জবাব দিতে না পারেন, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।”
চলে যাওয়ার আগে হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করতে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
আগামী তিন কর্মদিবসের মধ্যে পাঁচ চিকিৎসককে নোটিসের জবাব দিতে বলা হয়েছে বলে জানান দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মহিবুস ছালাম।