Published : 12 Jun 2026, 03:40 PM
সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে একনেক সভায় অনুমোদনের জন্য উত্থাপন করার কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, “প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে ভূমি অধিগ্রহণের জন্য দুই হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।”
শুক্রবার বেলা ১১টায় বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এর আগে তিনি প্রেস ক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন।
বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে; তবে সেই স্বাধীনতার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মীর শাহে আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশে শহরের বাইরে একটি আধুনিক বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়টিতে সাধারণ শিক্ষার পাশাপাশি কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদ থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে।”
বগুড়ায় একটি বহুমাত্রিক আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে; যেখানে পাইলট ট্রেনিং সেন্টার, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, কার্গো সুবিধা, যুদ্ধবিমান পরিচালনার অবকাঠামো এবং বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান মীর শাহে আলম।
তিনি বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বগুড়া শহরের ভেতর দিয়ে যাওয়া রেললাইন স্থানান্তর নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “রাণীরহাট থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে ট্রেন চলাচল করবে। একইসঙ্গে গাবতলীতে চার লেনের বাইপাস, বগুড়া-নওগাঁ এবং মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
“এ ছাড়া বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। শহরে অপ্রয়োজনীয় ভাঙচুর না করেই কীভাবে উন্নয়ন বাস্তবায়ন করা যায়, সে লক্ষে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।”
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গাবতলীর একটি সড়কে ‘ভাড়ায় ইট বিছানোর’ বিষয়ে মীর শাহে আলম বলেন, “প্রধানমন্ত্রীর চলাচলের নিরাপত্তার স্বার্থে কাঁচা রাস্তায় অস্থায়ীভাবে ইট বিছানো হয়েছিল। সড়কটি আগে থেকেই পাকাকরণের জন্য অনুমোদিত থাকায় এখন ইট অপসারণ করে স্থায়ী নির্মাণকাজ শুরু করেছেন ঠিকাদার।”
এ সময় বগুড়া প্রেস ক্লাবের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক কোটি টাকা অনুদান ঘোষণা দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন বক্তব্য দেন।