Published : 30 Jul 2025, 03:09 PM
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কাপালি পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম আবু সায়েম।
মৃত বয়েজ উদ্দিন (৬৫) উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা।
বয়েজ উদ্দিনের ভাগ্নে সিরাজুল ইসলাম বলেন, তার মামা পেশায় শ্যালো মেশিনের মেকানিক, তবে তিনি দীর্ঘদিন থেকে সাপ ধরেন। বুধবার সকালে কমেদপুর কাপালি পাড়া থেকে লোক এসে তাকে সাপ ধরার জন্য ডেকে নিয়ে যায়।
পরে সেখানকার ইমরান আলীর বাড়ির রান্নাঘর থেকে একটি সাপ ধরেন তিনি। কিন্তু বস্তায় ঢোকানোর সময় সাপটি তার মামাকে ছোবল দেয়।
পরে খবর পেয়ে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড়ির মালিক ইমরান আলী বলেন, কিছু দিন থেকে তার বাড়ির রান্নাঘরে সাপ উপদ্রব করছিল। পরে বুধবার সকালে পরিবারের সদস্যরা সাপ দেখতে পেলে তিনি বয়েজ উদ্দিনকে ডেকে নিয়ে যান।
“তিনি রান্না ঘরের একটি ইদুরের গর্ত থেকে তিনটি বাচ্চাসহ সাপটিকে ধরেন। পরে লেজ ধরে বস্তায় ঢুকানোর সময় সাপটি উল্টে তার বাম হাতে ছোবল মারে। অনেকক্ষণ পর তার শরীরে বিষক্রিয়া শুরু হলে তাকে হাসপাতালে নেয়া হয়।”
ভূরুঙ্গামারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম আবু সায়েম ঘটনার বলেন, “তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। সাপের কামড়ের পর কোনো সময়ক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে আনা উচিত। তাহলে রোগীর জীবন রক্ষা করা সম্ভব হয়।”