১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে ডোবায় নিখোঁজ যুবদল নেতার লাশ, দুই চাচাতো ভাই পলাতক

ওসি রোমেল বড়ুয়া বলেন, মরদেহের গলায় দড়ি প্যাঁচানো ছিল এবং চোখের ওপর আঘাতের চিহ্ন দেখা গেছে।

নোয়াখালীতে ডোবায় নিখোঁজ যুবদল নেতার লাশ, দুই চাচাতো ভাই পলাতক
আজাদ হোসেন

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 09:56 AM

Updated : 11 Sep 2026, 03:48 PM

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে এক যুবদলের নেতার গলায় দড়ি প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যার দিকে দক্ষিণ আলীপুর গ্রামের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া।

নিহত আজাদ হোসেন (৩৪) কবিরহাট পৌরসভার দক্ষিণ আলীপুর গ্রামের প্রয়াত ফজল হকের ছেলে। তিনি কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আজাদ হোসেন। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, “আজাদ তার চাচাতো ভাই নিজাম ও ফারুকের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন। নিজাম ও ফারুক পেশায় রাজমিস্ত্রি। তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। 

“তবে আজাদ নিখোঁজ হওয়ার পর সকাল থেকেই ফারুকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের লোকজন নিজামকে আজাদের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি অসংলগ্ন ও আক্রমণাত্মক আচরণ করেন। দুপুর বা বিকালের দিকে নিজামও এলাকা ছেড়ে চলে যান। বর্তমানে দুই ভাই পলাতক।”

ওসি রোমেল বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহালে মরদেহের গলায় দড়ি প্যাঁচানো ছিল এবং চোখের ওপর আঘাতের চিহ্ন দেখা গেছে। 

মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।