Published : 10 Dec 2025, 02:17 PM
মাগুরায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ৭৩ সদস্যর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো. রাসেল মজুমদার। আর সদস্য সচিব করা হয়েছে শালিখা উপজেলার শতখালি গ্রামের মো. সুলতান হোসেনকে।
মঙ্গলবার রাতে এনসিপির ভেরিফায়েড পেজে কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহ। এই কমিটির মেয়াদ ছয় মাস।
দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আহ্বায়ক রাসেল মজুমদার পেশায় একজন ব্যবসায়ী। এর আগে তিনি জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রায় আট মাস আগে তিনি সংগঠনটি থেকে পদত্যাগ করেন। সদস্য সচিব সুলতান হোসেনও পেশায় ব্যবাসায়ী।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন খাজা মো. তরিকুল ইসলাম। তার সঙ্গে যুগ্ম-আহবায়ক আছেন সাত জন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাসান ইমাম পলক। যুগ্ম-সদস্য সচিব রয়েছেন ৮ জন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক সালেহ আহমেদ শাকিল। সিনিয়রসহ সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ পাটোয়ারীসহ এই কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক রয়েছেন পাঁচ জন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. খাইরুল শেখ।
আহবায়ক ও সদস্য সচিবের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি।
দলটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়া সালেহ আহমেদ শাকিল বলেন, “এটি মাগুরায় এনসিপির প্রথম জেলা কমিটি। নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলায় সাংগঠনিক কাঠামো আরও সুসংগঠিত করা হবে।
“নতুন নেতৃত্ব, রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক তৎপরতা ও স্থানীয় সমস্যা নিয়ে জনসম্পৃক্ততার কাজ বাড়ানোর উদ্যোগ নেবে।”