চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের জেল
২০২১ সালের ১৩ জানুয়ারি দুটি ওয়ান শ্যুটারগান ও দুটি গুলিসহ আকতারুলকে গ্রেপ্তার করে র্যাব।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবদুল ওদুদ।
দণ্ড পাওয়া আকতারুল ইসলাম (৩৬) ভোলাহাট উপজেলার বড়জামবাড়িয়া গ্রামের মো. এন্তাজ আলীর ছেলে।
পিপি আবদুল ওদুদ বলেন, ২০২১ সালের ১৩ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ি এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় দুটি ওয়ান শ্যুটারগান ও দুটি গুলিসহ আকতারুলকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পরদিন র্যাবের ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় আকতারুলের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করেন বলে জানান তিনি।
পরে ২০২১ সালের ৩১ জানুয়ারি শিবগঞ্জ থানার তৎকালীন এসআই বরুন সরকার আদালতে অভিযোগপত্র প্রদান করেন।
সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
আসামির কাছে পাওয়া আগ্নেয়াস্ত্রগুলো পুরনো ও মরিচা ধরা হওয়ায় সাজা সর্বনিম্ন করা হয়েছে বলে রায়ে বলা হয়েছে।
