পদ্মার ভাঙন দেখতে গিয়ে পাড় ভেঙে নদীতে নিখোঁজ শিশু
সাত বছর বয়সি নুরীয়া কুষ্টিয়ার দৌলতপুরের ভুরকা পাড়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
কুষ্টিয়ার দৌলতপুরে প্রমত্ত পদ্মার ভাঙন দেখতে গিয়ে পাড় ভেঙে নদীতে ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে।
বুধবার বিকালে উপজেলার ভুরকা পাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শফিকুল ইসলাম।
সাত বছর বয়সি নুরীয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের আশিক শেখের মেয়ে। সে ভুরকা পাড়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মামুন আল-ফারুক বলেন, বিকালে নুরিয়া নানার বাড়ি বেড়াতে এসে পদ্মা নদীর ভাঙন দেখতে ঘটনাস্থলে আসে। এ সময় নদীর তীরে যেখানে শিশুটি দাঁড়িয়েছিল সেখান থেকেই আকস্মিক পুরো পাড় ভেঙে নদী গর্ভে চলে যায়। সেই সাথে নুরীয়াও নদীর মধ্যে পড়ে যায়।
সেখানে নদীতে তীব্র স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা চেষ্টা করেও নুরিয়ার কোনো সন্ধান করতে পারেনি। তারপর থেকে শিশুটি নিখোঁজ।
পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন।
বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্তও শিশুটিকে উদ্ধার করা যায়নি জানিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু শিশুটির খোঁজ মিলেনি।
“পরে বৃহস্পতিবার সকালে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজে যোগ দিয়েছেন”, বলেন তিনি।
