১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক

“ইতোমধ্যে ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ এবং তাদের স্বাস্থ্য    পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।”

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 11:51 AM

Updated : 11 Sep 2026, 03:33 PM

নরসিংদীতে এক কিশোরী ও এক বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

সোমবার দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানিয়েছেন।  

এই ঘটনায় অভিযোগের মুখে থাকা ২৬ বছর বয়সী আওলাদ হোসেন ওই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মোশারফ হোসেনের ছেলে।

মঙ্গলবার এ ঘটনা জানাজানির পর থেকে পলাতক আওলাদ হোসেনকে আটকের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।   

পুলিশ ও স্থানীয়রা বলছে, আওলাদ একই গ্রামের ১৩ বছর বয়সী এক কিশোরীকে ২০ টাকার দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে এনে ধর্ষণ করে। পরবর্তীতে ওই কিশোরীর মাধ্যমে গ্রামের এক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ডেকে এনে একইভাবে ধর্ষণ করে।

পরে প্রতিবন্ধী তরুণী পুরো ঘটনাটি তার মাকে জানালে মঙ্গলবার রাতে এলাকাবাসীসহ মাধবদী গিয়ে থানায় পরিবারের পক্ষ থেকে আওলাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়।

ওসি কামাল হোসেন বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ এবং তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।”

পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।