০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: গ্রেপ্তার ৫, মালামাল উদ্ধার

উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত পিকআপ, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, ৯৮টি খালি ডিমের ক্যারেট ও ডিম বিক্রির টাকা।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 02:43 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

নরসিংদীর মনোহরদীতে ডিম বোঝাই পিকআপ ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলছে পুলিশ।

একই সঙ্গে লুণ্ঠিত পিকআপ, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, ৯৮টি খালি ডিমের ক্যারেট, ডিম বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার ও শনিবার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে জানান নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রায়হান সরকার।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বড়নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে ইমন (২৮), একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে মো. রিফাত হৃদয় (২৮), কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মুন্না (রুমান), কিশোরগঞ্জের ইটনা উপজেলার ভূঁইয়ারপাড় গ্রামের রাজা মিয়ার ছেলে রহমত আলী (জিল্লুর) ও নোয়াখালী জেলার সেনবাগ পৌরসভার আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন।

মনোহরদী থানায় করা সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার বলেন, গত ৫ সেপ্টেম্বর রাত ১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।  

এ সময় একটি পিকআপ দিয়ে ডিম বোঝাই পিকআপটির পথরোধ করা হয়। দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ডিমের গাড়ির চালক ও তার সহযোগীর হাত-পা বেধে ফেলা হয়।  

পরে চালক-সহযোগীকে ডাকাতরা নিজেদের পিকআপে উঠিয়ে হেতেমদী-সাগরদী বাইপাস সড়কের পাশে ফেলে যায়। আর ডিম বোঝাই গাড়িটি নিয়ে চলে যায়।   

এ ঘটনায় ডিমের গাড়ির মালিক মো. মফিজুল ইসলাম বাদী হয়ে মনোহরদী থানায় মামলা করেন। 

সহকারী পুলিশ সুপার রায়হান বলেন, মামলার পর নরসিংদী জেলা পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে সোনারগাঁও উপজেলার কাঁচপুর মহাসড়ক থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। 

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার নোয়াখালীর সেনবাগ দক্ষিণ বাজার থেকে লুণ্ঠিত ডিমের ক্রেতা এবং ডাকাতদের পূর্ব পরিচিত জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে লুণ্ঠিত পিকআপ, ডিমের খালি ক্যারেট, ডিম বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

সহকারী পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন জেলার সড়ক ও মহাসড়কে নিয়মিত ডাকাতি করে। আসামিদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন।

সংবাদ সম্মেলনে মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, এসআই শহীদুজ্জামান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হোসেন উপস্থিত ছিলেন।