০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় জমির বিরোধে ছুরিকাঘাতে আহত ডাকঘর কর্মীর মৃত্যু

ঘটনার তিন দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 03:59 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক ডাকঘর কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

ঘটনার তিন দিন পর মঙ্গলবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম।

নিহত আফতাব উদ্দিন (৪৫) উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের প্রয়াত আব্দুল গণির ছেলে। তিনি কৈলাটি ফতেপুর শাখা ডাকঘরের রানার হিসেবে কর্মরত ছিলেন।

ওসি তরিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আফতাব উদ্দিনের সঙ্গে তার চাচাতো ভাই একই গ্রামের প্রয়াত উছমান গণির ছেলে ফরিদ মিয়ার বিরোধ চলছিল। 

শনিবার সকাল ১০টার দিকে কৈলাটি ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় আফতাব উদ্দিনকে একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে ফরিদ মিয়া ও তার লোকজনদের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তারা পলাতক আছেন।

তিনি বলেন, স্থানীয়রা গুরুতর অবস্থায় আফতাবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সকালে তার মৃত্যু হয়।

ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।