চুয়াডাঙ্গায় শত বছরের পুরনো ধাতব মুদ্রা উদ্ধার
ইউএনও বলেন, “মুদ্রাগুলো অত্যন্ত মূল্যবান। এগুলোকে আমরা ঐতিহ্যের অংশ মনে করছি।”
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় শত বছরের পুরনো ধাতব মুদ্রা উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালের দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মুদ্রাগুলো পাওয়া যায় বলে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র জানান।
স্থানীয়রা জানান, শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি দোকান নির্মাণ করছিলেন। মাটি খুঁড়তে গিয়ে প্রথমে একটি মাটির হাঁড়ির মত পাত্র দেখতে পান। পরে সেটি ভেঙে ভেতরে প্রচুর ধাতব মুদ্রা পাওয়া যায়।
খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত গিয়ে মুদ্রাগুলো জিম্মায় নেয়।
শহিদুল ইসলাম বলেন, “হাঁড়িতে প্রচুর রূপাসদৃশ মুদ্রা রয়েছে। স্থানীয় দুজন স্বর্ণ ব্যবসায়ীকে দেখালে তারা সেগুলো রূপা বলে মত দেন। তবে পরীক্ষার পরই প্রকৃত তথ্য জানা যাবে।”
ইউএনও জানান, “উদ্ধার হওয়া মুদ্রাগুলো ব্রিটিশ আমলের। ১৮৬৫ থেকে ১৯০৮ সালের মধ্যে তৈরি এসব মুদ্রায় খোদাই করা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম। মোট এক হাজার ৮৭৬টি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
“মুদ্রাগুলো অত্যন্ত মূল্যবান। এগুলোকে আমরা প্রাচীন ঐতিহ্যের অংশ হিসেবে মনে করছি। পুলিশের সহায়তায় এগুলো স্থানীয় সোনার দোকানে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন।”
