০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে নোয়াখালীতে ‘শোডাউন’, আটক ২

ওসি ফিরোজ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে নোয়াখালীতে ‘শোডাউন’, আটক ২
ইব্রাহিম খলিল রাসেল ও গোলাম কিবরিয়া লিটন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2025, 11:52 AM

Updated : 26 Aug 2026, 11:39 AM

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে ‘শোডাউন’ করায় যুবলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর বানসা বাজার থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী।

আটকরা হলেন, ইব্রাহিম খলিল রাসেল (৪২) ও গোলাম কিবরিয়া লিটন (৪৫)। তারা মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে ওসি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ভুয়া খবর দেখে বানসা বাজারে ‘মিছিল-শোডাউন’ করে আওয়ামী লীগ-যুবলীগের ২৫-৩০ জন নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা হয়।

ওসি ফিরোজ বলেন, তাদের থানায় নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।