পিরোজপুরে নিখোঁজের পরদিন রিকশাচালকের মাথা থেঁতলানো লাশ উদ্ধার
তবে তার ব্যাটারিচালিত রিকশাটির হদিস মেলেনি।
পিরোজপুর সদর উপজেলায় নিখোঁজের পরদিন রিকশাচালকের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলে পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান।
নিহত সাব্বির সিকদার (২৫) পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে।
নিহতের বাবা হারুন সিকদার বলেন, বৃহস্পতিবার বিকালে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাব্বির। সে রাতে বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন করা হয়। তবে সেটি বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন স্থানে সাব্বিরকে খোঁজা হয়। সকালে সাব্বিরের মাথা থেঁতলানো লাশ পাওয়া যায়। তবে তার রিকশাটি পাওয়া যায়নি।
ওসি আব্দুস সোবাহান বলেন, ধারণা করা হচ্ছে, সাব্বিরের রিকশাটি নেওয়ার জন্য তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, সাব্বির মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। এটিও তাকে হত্যার কারণ হতে পারে।
তার লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান বলেন, এখন পর্যন্ত সাব্বিরকে হত্যার কারণ উদঘাটন করা যায়নি। তবে পুলিশ কাজ করছে।
পিরোজপুর সদর থানা পুলিশ, পিবিআই ও গোয়েন্দা পুলিশের আলাদা দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
