Published : 17 Jul 2024, 06:33 PM
কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামের সংর্ঘষে নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কক্সবাজারে পেকুয়ার উপজেলার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
ওয়াসিম উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা বাজার পাড়া এলাকায় বাসিন্দা।
বুধবার ভোরে ওয়াসিমের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
বেলা সাড়ে ১১টায় মেহেরনামা হাইস্কুল মাঠে ওয়াসিমের জানাজার নামাজে শোকার্ত মানুষের ঢল নামে। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ছেলে নিহত হওয়ার খবরে মা জোৎস্না আক্তার বিলাপ করতে করতে বার বার মুর্ছা যাচ্ছেন। পরিবারের ভাই-বোন ও স্বজনদের বুকফাটা কান্না যেন থামছে না।
পারিবারিক সূত্র জানায়, ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম সৌদি প্রবাসী। দুই ভাই, তিন বোনের মধ্যে ওয়াসিম (২৪) দ্বিতীয়।
ওয়াসিম ২০১৭ সালে কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের মেহেরনামা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৯ সালে বাকলিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হন। ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের সময় ওয়াসিম নিহত হন।
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলার পরিস্থিতি এখন শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল দিচ্ছে বিজিবি। পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। মাঠে রয়েছে র্যাবও।