বিজয় দিবসে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ বিনামূল্যে
“পর্যটকরা বিনামূল্যে পর্যটন কেন্দ্রে প্রবেশ করে এখানকার নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করছে।”
বিজয় দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির সকল পর্যটনকেন্দ্রে পর্যটকেরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের জন্য এমন সুযোগ থাকছে বলে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, “খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র ও রিছাং ঝর্ণায় সর্বসাধারণের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।
“এছাড়া পার্বত্য জেলা পরিষদের হর্টিকালচার পার্ক শিশুদের জন্য উন্মুক্ত রাখা ও বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকছে।”
আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক চন্দ্র কিরণ ত্রিপুরা বলেন, “সোমবার সকাল থেকে পর্যটকদের সমাগম রয়েছে। জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক আলুটিলায় পর্যটকদের প্রবেশে কোনো টিকেট কাটতে হচ্ছে না।
“পর্যটকরা বিনামূল্যে পর্যটন কেন্দ্রে প্রবেশ করে এখানকার নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করছেন।”
