১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক বছর পর মিয়ানমার থেকে কাঠবোঝাই ট্রলার এল টেকনাফে

বন্দরের কার্যক্রম ফের চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিক ও ব্যবসায়ীরা।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 06:54 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

মিয়ানমার থেকে কাঠবোঝাই একটি ট্রলার টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে। এর মধ্য দিয়ে এক বছর পর দেশটির সঙ্গে আবার সীমান্ত বাণিজ্য চালু হল।

শুক্রবার দুপুরে কাঠবোঝাই ট্রলারটি টেকনাফে পৌঁছার মধ্যে দিয়ে বন্দরের কার্যক্রম সচল হয় বলে জানিয়েছেন ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, এদিন সকালে আরাকান আর্মি নিয়ন্ত্রিত মিয়ানমারের মংডু এলাকা থেকে ট্রলারটি টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর দেড়টার দিকে ট্রলারটি টেকনাফ স্থলবন্দরের ঘাটে পৌঁছায়।

এর আগে ১৪ এপ্রিল টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেই সময় তিনি বন্দরের কার্যক্রম সচল করার ঘোষণা দেন।

টেকনাফ স্থলবন্দরের শ্রমিকদের নেতা (মাঝি) শামসুল আলম বলেন, “এক বছরের বেশি সময় পর একটি কাঠের বোট বন্দরে এসেছে। এতে বন্দরের কার্যক্রম ফের চালু হওয়ায় শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে।”

মিয়ানমার থেকে কাঠবোঝাই ট্রলারটি টেকনাফের ব্যবসায়ী মো. ফারুকের কাছে এসেছে বলে জানিয়ে বন্দর কর্তৃপক্ষ।

দেড় বছর ধরে চলমান সংঘাতের মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় ২৭০ কিলোমিটার সীমান্ত এলাকা দেশটির আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবর আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। এর ফলে নাফ নদীর মিয়ানমার অংশে নৌযান চলাচলও তাদের নিয়ন্ত্রণে চলে যায়।

২০২৫ সালে এপ্রিলের শুরুতে পণ্যবাহী জাহাজ থেকে কমিশন (চাঁদা) দাবিকে কেন্দ্র করে আরাকান আর্মির বাধার মুখে সীমান্ত বাণিজ্য কার্যত বন্ধ ঘোষণা করে মিয়ানমারের জান্তা সরকার। এতে শতাধিক আমদানি-রপ্তানিকারক বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। এতে প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব হারায় বাংলাদেশ সরকার।

দীর্ঘ অচলাবস্থার পর কাঠবোঝাই ট্রলার আগম সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।