ছেলের রিকশায় চড়ে ওষুধ আনতে যাচ্ছিলেন মা, ট্রাকের ধাক্কায় মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কের আকছিনা এলাকায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছেলের ব্যাটারিচালিত রিকশায় চড়ে ওষুধ আনতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কের আকছিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কসবা থানার ওসি নাজনীন সুলতানা।
নিহত মাসুমা বেগম (৪২) উপজেলার বায়েক ইউপির হরিপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী।
স্থানীয়দের বরাতে ওসি নাজনীন বলেন, শুক্রবার রাতে ওষুধ কিনতে ছেলের চালানো একটি ব্যাটারিচালিত রিকশায় করে কসবা বাজারের দিকে যাচ্ছিলেন মাসুমা বেগম। পথে আকছিনা পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
