Published : 21 Jun 2025, 04:49 PM
গাজীপুরের শ্রীপুরে এক চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল দেড় লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার ভোর ৩টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজারের (পশ্চিমে) চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক।
চিকিৎসক মোর্শেদুল হক শরীফ বলেন, রাত ৩টার দিকে ১০-১২ জনের ডাকাত দল মই দিয়ে বাড়ির দোতলার বারান্দায় উঠে। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখ গামছা দিয়ে বাধা ছিল।
“ডাকাতেরা বারান্দার দরজা দিয়ে ঘরে প্রবেশ করে আামাকে ঘুম থেকে ডেকে তুলে মাথা কাঁথা দিয়ে ঢেকে হাত-পা বেঁধে ফেলে। এবং আমার স্ত্রী গাইনী চিকিৎসককেও অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে মুঠোফোন, আলমিরা ও ওয়ারড্রয়ারের চাবি নিয়ে নেয়।”
তিনি আরও বলেন, পরে ডাকাতেরা প্রায় আধা ঘণ্টা অবস্থান করে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে করে চলে যায়।
যাওয়ার সময় তারা পুলিশ এবং গণমাধ্যমকর্মীদেরকে ঘটনাটি জানাতে নিষেধ করে হুমকি দিয়ে যায় বলেও জানান এই চিকিৎসক।
ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাতেই চিকিৎসক দম্পতির বাড়ি পরিদর্শন করেছে পুলিশ।
ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, বলেন ওসি।