Published : 11 Apr 2026, 01:50 PM
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাড়ির ছাদে ‘মরুর গোলাপ’ বা অ্যাডেনিয়াম ফুল চাষ করে সফল হয়েছেন এক তরুণ। অল্প জায়গা ও পরিচর্যা এবং দেখতে সুন্দর হওয়ায় ফুলটি এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শাহাদুজ্জামান বলেন, ছাদ বাগান ও ফুল চাষে নতুন অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। এটা লাভজনক এবং পরিবেশের জন্যও ভালো। কৃষি বিভাগ এসব উদ্যোগে সহায়তা করছে।
অল্প জায়গায় সহজে চাষ করা যায় বলেই ‘মরুর গোলাপ’ অনেকের পছন্দের ফুল হয়ে উঠেছে বলে জানান এ কৃষিবিদ।

উপজেলার তিনতলা একটি ভবনের ছাদে প্রায় এক হাজার ৮০০ বর্গফুট জায়গায় এ বাগান গড়ে তোলা হয়েছে। ভারত ও থাইল্যান্ড থেকে আনা মাত্র ২০টি গাছ দিয়ে এ বাগান শুরু করেন আকাশ সাহা।
বর্তমানে তার বাগানে চার হাজারেরও বেশি ফুলগাছ রয়েছে। এর মধ্যে বেশিরভাগই অ্যাডেনিয়াম বা ‘মরুর গোলাপ’। বাগানটিতে সাদা, হলুদ, গোলাপি, কমলা, মেরুন ও বেগুনিসহ বিভিন্ন রঙের ফুল ফুটেছে। মরুর পোলাপগাছটির আদি নিবাস দক্ষিণ আফ্রিকার পূর্ব মরুভূমি হলেও এটি এখন দেশে জন্মাচ্ছে। এর ইংরেজি নাম ‘ডেজার্ট রোজ’।
আকাশ সাহা বলেন, ছয় বছর আগে মাত্র তিন থেকে চার হাজার টাকা দিয়ে বাগান শুরু করেন তিনি। পরে নিজের আগ্রহ ও পরিশ্রমে ধীরে ধীরে বীজ থেকে চারা তৈরি শুরু করেন। পরে একটি নার্সারি গড়ে তোলেন।

তিনি বলেন, ফুল চাষে একবার বিনিয়োগ করলে অনেকদিন আর কিছু করতে হয় না। এ ছাড়া মরুর গোলাপের যত্নও কম লাগে, পানি কম লাগে, আর ফুলের সৌন্দর্যও দীর্ঘস্থায়ী। এখন তার ছাদ বাগানের গাছগুলোর দাম প্রায় আট লাখ টাকা। প্রতি মাসে তিনি ফুলের চারা বিক্রি করে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করেন।

আকাশ সাহা বলেন, তিনি সরকারি চাকরির পেছনে না ছুটে পরিবারের ব্যবসার পাশাপাশি নিজের উদ্যোগে এ সাফল্য পেয়েছেন। বাগানটি দেখতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। অনেকেই গাছ কিনে নিয়ে যান।
দর্শনার্থীরা বলছেন, বিদেশি এ ফুল দেশে চাষ হতে দেখে খুব খুশি তারা। ছোট জায়গায় বাগান করতে চান এমন মানুষের জন্য এটি খুব ভালো একটি উদাহরণ।